পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান এখন দেশটির প্রধানমন্ত্রী। ক্রিকেট থেকে রাজনীতির মঞ্চে এসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। তবে এর রেশ না কাটতেই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর রাজনীতিতে আসছেন এমন কানাঘুষা চলছে।
ভারতীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে নয়াদিল্লিতে তাকে লড়তেও দেখা যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে।
দিল্লিতে অনেকদিন ধরেই ক্ষমতার বাইরে রয়েছে বিজেপি। আর গম্ভীরকে দিয়েই ক্ষমতায় আসতে চাচ্ছে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলটি। একইসঙ্গে দিল্লিতে ক্ষমতা দখলের পরিকল্পনাও রয়েছে বিজেপির।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে ওভারের বিশ্বকাপে ফাইনালে বড় অবদান ছিল এ ওপেনারের। দুই ফাইনালেই ব্যাট হাতে বড় রান করেছিলেন। ইন্ডিয়ান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দু’বার চ্যাম্পিয়নের ট্রফিও হাতে উঠেছে গম্ভীরের। তবে এ বছরের আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে তেমন সুবিধা করতে পারেননি।
৩৬ বছর বয়সি ৫৮ টেস্টে ৪,১৫৪ রান করেছেন। ১৪৭ ওয়ানডে ম্যাচে রয়েছে ৫,২৩৮ রান। ৩৭ টি-টোয়েন্টিতে রয়েছে ৯৩২ রান। আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে গম্ভীরের। ২০১২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে আহমেদাবাদে শেষবার তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল। ২০১৩ সালের জানুয়ারিতে ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার একদিনের ক্রিকেটে খেলেছিলেন। শেষ টেস্ট ২০১৬ সালের নভেম্বরে রাজকোটে,ইংল্যান্ডের বিরুদ্ধে।
ইত্তেফাক/বিএএফ
