পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রার্থীর বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিতে সম্মত হয়েছে দুই প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ৪ সেপ্টেম্বর পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়ার জন্য ইমরান খানের দল নির্বাচনে প্রার্থী হিসেবে ঠিক করেছে ৬৯ বছরের দাঁতের চিকিৎসক আরিফ আলভিকে।
এদিকে, প্রাথমিকভাবে পাকিস্তান পিপলস পার্টি একতরফাভাবে বিরোধী প্রার্থী হিসেবে আইতাজ এহসানের নাম ঘোষণা করেছিল। কিন্তু নওয়াজের দল এহসানকে নিয়ে আপত্তি প্রকাশ করেছে। কারণ তিনি কট্টর নওয়াজ সমালোচক।
এরপর সর্বসম্মত বিরোধী প্রার্থী দেওয়ার ব্যাপারে একমত হয় দুই দল। সংসদ ও চারটি প্রাদেশিক সভার সদস্যদের ভোটে নির্বাচিত হন পাকিস্তানের প্রেসিডেন্ট। ফলে বিরোধীরা যদি ঐক্যবদ্ধভাবে প্রার্থী দাঁড় করাতে পারেন, তবে ইমরানের দলের প্রার্থীর পক্ষে জেতা কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, বর্তমান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেনের মেয়াদ শেষ হচ্ছে ৯ সেপ্টেম্বর। -পিটিআই ও বর্তমান পত্রিকা
ইত্তেফাক/ জেআর
