দলের সিনিয়র নেতাদের সমর্থন হারিয়ে পদত্যাগের চাপে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তবে তিনি বলেছেন, আরেকটি সভায় দলের বেশিরভাগ সংসদ সদস্য তাকে সমর্থন করেন কিনা তা যাচাইয়ের আগে তিনি পদত্যাগ করবেন না। খবর বিবিসির।
নের্তৃত্ব সংকট নিয়ে সমাধানে পৌঁছতে অস্ট্রেলিয়ান সংসদের চলতি অধিবেশন মুলতবি করেছে দেশটির সরকার। টার্নবুল মূলত অবস্থান ধরে রাখতে শেষ পর্যন্ত লড়তে চান। তবে সিনিয়র নেতারা চাইছেন তাকে সরিয়ে দিতে।
টার্নবুল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের সংসদে এখন যা হচ্ছে সেটি অস্ট্রেলিয়ার মানুষকে আতঙ্কগ্রস্ত করবে।’
সম্প্রতি কয়েকটি উপ-নির্বাচনে হেরে যায় ম্যালকম টার্নবুলের লিবারেল পার্টি। জনমত জরিপে দেখা যায় টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। একই সঙ্গে দলের রক্ষণশীল অংশও বিদ্রোহ করেছে তার বিরুদ্ধে।
ইত্তেফাক/টিএস
