সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:০৩

তালায় প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শনিবার সন্ধ্যায় ভারতীয় মুদ্রাসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো রাসেল কবীর, হেলাল হোসেন, মানিক দাস, ছফেত সরদার ও মাদার সঞ্জয় দাস। পুলিশ জানায়, উপজেলার আটারই গ্রামের মানিক দাসের বাড়িতে তক্ষক সাপ, সীমানা পিলার, ব্রিটিশ আমলের রৌপ্য, তামা মুদ্রা, ভারতীয় আমলের পুরানো ধাতবীয় সামগ্রী সংগ্রহ ও ভারতীয় মুদ্রা লেনদনের জন্য প্রতারক চক্র অবস্থান করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তালা থানার ওসি মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে বখাটের জেল

স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে মহিদুল ইসলাম নামের এক বখাটে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম উপজেলার আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের বুলু মিয়ার ছেলে। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুরে ইয়াবাসহ গ্রেফতার দুই

জামালপুর প্রতিনিধি জামালপুরে শনিবার রাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-সিপিসি-১। রবিবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহের ঝিনাই ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিল্লাল হোসেন বাবু ও মো. মাহফুজ খান তায়িমকে সন্দেহ হলে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ও মাদক ব্যবসার দুই হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

টাকা ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে টাকা ছিনতাই মামলার এক আসামিকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মো. ফয়সাল হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক জানান, মিঠাপুর বাজার থেকে ফয়সালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিয়ান অব্যাহত রয়েছে।

গোয়ালন্দে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা গোয়ালন্দে ১০৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে রবিবার গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম মো. রফিক মৃধা। গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রফিক মৃধা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

বগুড়া অফিস সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান। আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান প্রমুখ।

নুসরাত হত্যায় জড়িতদের শাস্তি দাবি

রাবি সংবাদদাতা নুসরাত হত্যায় জাড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে রবিবার মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম ‘এগারজন’ রাবি শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় ফোরামের সভাপতি আরাফাত শাহিনের সঞ্চালনায় ‘এগারজন’র উপদেষ্টা আলী হূদয় ইউনুস, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

নুসরাত হত্যাকারীদের শাস্তি দাবি

পিরোজপুর অফিস ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে।  শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পিরোজপুর জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মণ্ডল, সহ-সভাপতি সুভাস চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী প্রমুখ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রবিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, ডা. জয়ন্ত কুমার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার প্রমুখ।