সৌদিতে মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ড দাবির খবরে ট্রুডোর উদ্বেগ প্রকাশ

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১১:১০
সৌদি আরবে মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ডের মুখোমুখি করার খবরে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতে সরকার পক্ষ প্রথমবারের মতো এক নারীসহ পাঁচ মানবাধিকার কর্মীর মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে।
 
অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গণবিক্ষোভে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুদণ্ডের রায় আদতে দেশটিতে ভিন্নভাবে কণ্ঠরোধ করার একটি কৌশল।
 
বৃহস্পতিবার এ বিষয়ে ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, সৌদি আরবের মৃত্যুদণ্ডে আমরা আমাদের উদ্বেগ জানাচ্ছি। আমাদের উদ্বেগ মানবাধিকার রক্ষায় এবং সারা বিশ্বব্যাপী আমাদের এই মূল্যবোধ তুলে ধরছি। 
 
ট্রুডো বলেন, মানবাধিকারের পক্ষে কানাডা দৃঢ়ভাবে দাঁড়াবে।
 
তবে সৌদি সরকার মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ডের মুখোমুখি করার বিষয়টি নিশ্চিত করেনি। 
 
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সমালোচনা করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অচালবস্থার সূত্রপাত হয়। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, কানাডা সৌদি আরবের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ রক্ষা’ করে চলবে। -বাসস
 
ইত্তেফাক/ জেআর