ইতালিতে উপকূলরক্ষীদের একটি জাহাজে আটকে পড়া ১৫০ শরণার্থীর কিছু অংশ নিতে রাজি না হলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে তহবিল প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার এই হুমকি দিয়েছে ইতালি। আর এর মধ্যদিয়ে ব্লকটির সাথে দেশটির নতুন করে অভিবাসন বিতর্ক শুরু হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইতালি বলছে, ইউরোপীয় ইউনিয়নকে আটকে পড়া শরণার্থী থেকে কয়েকজনকে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। তা না দেয়া পর্যন্ত তারা জাহাজ থেকে শরণার্থীদের নামার অনুমতি দেবে না। এর ফলে শরণার্থীরা সোমবার রাত থেকে কাতানিয়ার সিসিলিয়ান বন্দরে দিসিওটি জাহাজে আটকা পড়ে আছে।
এদিকে শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ১২ টি দেশের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সমুদ্রে উদ্ধার হওয়া অভিবাসীদের জাহাজ থেকে নামানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
কিন্তু তারা অভিবাসীদের জন্য তাৎক্ষণিক সমাধান খুঁজে বের করতে ব্যর্থ হন।
উপ-প্রধানমন্ত্রী লুইজি দি মাইয়ো তার ফেসবুকে লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ইতালির বিষয়ে আবারো তাদের সমর্থন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরো লিখেছেন, ‘তার দেশের কোন পছন্দ না থাকলেও তারা একতরফাভাবে ক্ষতিপূরণমূলক পদক্ষেপ নেবে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে দেয়া তহবিল হ্রাস করতে আমরা প্রস্তুত।’ -বাসস
ইত্তেফাক/ জেআর
