ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়জনসহ মোট ৭ জন নব নির্বাচিত কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল ইসলাম দুলাল, ৪২ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস সালাম, ৪৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সফি উদ্দিন, ৫১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন, ৫৩ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলেমান হায়দার ও ৯ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর খন্দকার নূরন্নাহার শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০১৮ তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপনির্বাচনে নির্বাচিত ঘোষিত প্রার্থীর তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং গত ৩০ জুলাই ২০১৮ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়।
আগামী ৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র ও কাউান্সলরদের দায়িত্ব গ্রহণ করা হবে বলে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম জানিয়েছেন। গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/কেকে
