জোবাইদার রাজনীতিতে আসার গুঞ্জনে সরকার অর্থ পাচারের কথা তুলছে :খন্দকার মাহবুব

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:১১

 ‘বেআইনি হলে চ্যালেঞ্জ করুন’

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দেশে ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করার গুঞ্জনের কারণে সরকার অর্থ পাচারের কথা তুলছে। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য এমন একটি দেশে আছি যেখানে আদালত অনেক ক্ষেত্রে নিজস্ব বিচার-বিবেচনা না করে সরকার পক্ষ যা চায় সেই আদেশটি দিয়ে দেয়। আমরা আইনজীবী হিসেবে বলতে চাই, ব্যাংক হিসাব জব্দের যে আদেশটি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নেই। এই আদেশে লন্ডনের কোনো ব্যাংক কারো অ্যাকাউন্ট জব্দ করতে পারে না। রবিবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনের নিজ চেম্বারে সাংবাদিকদের খন্দকার মাহবুব এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাজ্যে আইনের শাসন বিরাজমান বলে সেখানে কারচুপির মাধ্যমে কোনো অর্থ ব্যাংকে জমা দেওয়া যায় না। ব্যাংক হিসাবে যে পরিমাণ টাকা থাকে তার বিপরীতে আয়কর দিতে হয়। সে কারণে মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোনো টাকা ব্যাংকে জমা দেওয়া সম্ভব নয়। সম্পূর্ণ মিথ্যা কথা বলে অযথা একটা চমক সৃষ্টি করতে চাচ্ছে সরকার। তারেককে ফিরিয়ে আনা হচ্ছে-এমনটা যখন সফল হয় নাই তখন তাকে ও তার স্ত্রীকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা দিয়ে চমক সৃষ্টি করার চেষ্টা চলছে।

জবাবে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, আইন ক্ষমতা দিয়েছে অনুসন্ধানকালে যদি কোনো তদন্তকারী সংস্থা বা প্রসিকিউশন এজেন্সি জব্দের আবেদন দেয় সে আবেদনে সন্তুষ্ট হলে আদালত ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিতে পারে। ওই আদেশটি ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল দপ্তর হয়ে ওই ব্যাংকের সিইওর কাছে দাখিল হবে। সিইও যখন আদালতের আদেশ পাবেন তখন উনি এটা জব্দ করবেন। যদি আদেশ বেআইনি হয়, তাহলে তারেক রহমানের আইনজীবীদের উচিত হাইকোর্টে চ্যালেঞ্জ করা। এভাবে বেআইনি বলা উচিত নয়।