ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), মেট্রোরেল প্রকল্প এবং ওয়াসার মধ্যে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল উত্তরায় অবস্থিত বাংলাদেশ ক্লাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে ডিএনসিসি, মেট্রোরেল এবং ওয়াসার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
বৈঠকে মেয়র বলেন, বৃষ্টি হলে রোকেয়া সরণিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তা থেকে অবশ্যই জনগণকে মুক্তি দিতে হবে। নগরীর সেবক হিসাবে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। যত দ্রুতসম্ভব রোকেয়া সরণির জলাবদ্ধতা দূরীকরণে মেট্রোরেল প্রকল্পকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্প চলাকালীন এ এলাকার ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের শর্তে ডিএনসিসি সড়কটি মেট্রোরেল প্রকল্পকে হস্তান্তর করে।
ত্রিপক্ষীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া ডিএনসিসির সদস্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোঃ শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) খন্দকার মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২) এনামুল কবির এবং নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) মোল্লাহ মোহাম্মদ নূরুজ্জামান। ত্রিপক্ষীয় কমিটিতে অন্তর্ভুক্ত ওয়াসার সদস্যরা হচ্ছেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ) মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান এবং সহকারী প্রকৌশলী (ড্রেনেজ) জাকির হোসেন। মেট্রোরেল প্রকল্প থেকে প্রজেক্ট ম্যানেজার সারওয়ার উদ্দিন খান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান ত্রিপক্ষীয় কমিটিতে রয়েছেন।
মেয়র আতিকুল ইসলাম আসন্ন বর্ষায় সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা থেকে জনগণের দুর্ভোগ লাঘবে ত্রিপক্ষীয় কমিটিকে আগামী মাসের মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ সম্পন্ন করার নির্দেশ দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়াসার পরিচালক এ কে এম সহিদ উদ্দিন, মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ আবদুল বাকী মিয়া উপস্থিত ছিলেন।
