শহীদুল আলমের মুক্তি চাইলেন অমর্ত্য সেন

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৯:৪৩
আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি করেছেন নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, কঠোর আচরণের পরিবর্তে শহিদুলের কাজের প্রশংসা করা উচিত। শহিদুলের মুক্তির দাবিতে প্রচারণা চালানো ভারতীয় ফটোগ্রাফারদের কাছে এ কথা বলেছেন ১৯৯৮ সালে নোবেল পাওয়া এই অর্থনীতিবিদ।
 
গত ৫ আগস্ট পুলিশের হাতে আটকের পর রিমান্ড শেষে কারাগারে থাকা শহিদুলের মুক্তি চেয়ে এর মধ্যে বিবৃতি দিয়েছেন মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি, ভারতীয় বুদ্ধিজীবী অরুন্ধতী রায় ছাড়াও বিভিন্ন বিশ্ব বরেণ্য বুদ্ধিজীবী। দেশি-বিদেশি বেশকিছু সংগঠনের পক্ষ থেকেও তাকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
 
অমর্ত্য সেন বলেছেন, ‘গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাকস্বাধীনতা, যার মধ্যে চিত্রসাংবাদিকতাও রয়েছে। নিজের মহৎ দক্ষতা ও সাহসের ওপর ভর করে বহু বছর ধরে যে কাজ শহিদুল আলম করে আসছেন তার প্রশংসা করার অনেক কারণ রয়েছে। কঠোর আচরণের পরিবর্তে তার কাজের প্রশংসা আর মর্যাদা পাওয়া উচিত।’
 
প্রসঙ্গত, গত ১২ আগস্ট রিমান্ড শেষ হওয়ার পর শহিদুল বর্তমানে কেরাণিগঞ্জে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। গত ২২ আগস্ট ঈদুল আজহার দিনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান স্ত্রী ও শুভাকাঙ্খীরা। ওই সাক্ষাতের পর তাকে কারা হাসাপাতালে স্থানান্তর করা হয়। 
 
ইত্তেফাক/এমআই