বাংলাদেশ সোনার বাংলা হলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে: রাসিক মেয়র

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০৯:০১
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘যখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মা শান্তি পাবে।’
 
রবিবার রাত সাড়ে ৮টায় নগরীর হেঁতেমখা আজিজুর রহমান খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
লিটন আরো বলেন, গত ৩০ জুলাই নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ ও সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শপথ নিয়েই কাজ শুরু করব। আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব। এজন্য আপনাদের সহযোগিতা চাই।
 
মহানগরীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
 
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি