ভুল চিকিৎসায় নূরজাহান (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে রংধনু হাসপাতাল ঘেরাও করে সোমবার বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। এ ঘটনায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের নির্দেশে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত নূরজাহান তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামের ডালিম মিয়ার স্ত্রী।
জানা যায়, গত ২৪ আগস্ট বিকালে নূরজাহানকে দাউদকান্দির রংধনু হাসপাতালে ভর্তি করার পর ডা. শাহনাজ পারভীন তাকে সিজারিয়ান অপারেশন করেন এবং এনেসথেসিয়া প্রয়োগ করেন ডা. সিরাজুল ইসলাম। ছেলে সন্তান জন্ম দেওয়ার পর নূরজাহানের অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে ঢাকার ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে (ইউনিহেলথ) ভর্তি করা হয়। পরে সোমবার ভোরে তিনি মারা যায়। এতে ক্ষুব্ধ ওই প্রসূতির স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ পুলিশ হেফাজতে নেয়ার পর দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রসূতির স্বামী ডালিম মিয়া সাংবাদিকদের জানান, ঢাকায় তার স্ত্রী চিকিৎসকরা তাকে জানিয়েছেন- অপারেশন ও ভুল চিকিৎসার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি অপারেশনে জড়িত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেন।
IMG0
এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের প্রধান ডা. ফারজানা ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রসূতির স্বজনরা ঢাকা থেকে মরদেহ আনার পর রংধনু হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/বিএএফ
