বিশ্ব নেতাদের নিন্দা-ক্ষোভ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:১৮

রয়টার্স

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের পর গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনায় বিশ্ব নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত  বলে জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে সব ধরনের সাহায্যের জন্য তিনি প্রস্তুত জানিয়ে বলেন, ‘গির্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার জনগণের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

জেসিন্ডা আর্ডেন : এক বিবৃতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে এ ধরনের হামলা ভীষণ বিপর্যয়কর। এ ধরনের নৃশংসতা বন্ধে সম্মিলিতভাবে আমাদের অবশ্যই এর কারণ খুঁজে বের করে তার সমাধান করতে হবে।

অ্যাঞ্জেলা মার্কেল : জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে এক চিঠিতে শোক প্রকাশ করে লেখেন, ‘ইস্টার উদযাপন করতে জড়ো হওয়া লোকজনদের এভাবে ভয়ঙ্কর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া খুবই বেদনাদায়ক।’

ইমানুয়েল ম্যাক্রোঁ : এক টুইটে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমরা এ ধরনের জঘন্য কাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা শ্রীলঙ্কার জনগণের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং ইস্টার ডে’তে প্রিয়জন হারানো সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

টেরিজা মে : এক টুইটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলা সত্যিই আতঙ্কজনক। যারা এই ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে গেছেন তাদের সবার জন্য আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

পেদ্রো সানচেজ : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের টুইট, ‘সন্ত্রাস এবং বর্বরতা কখনোই আমাদের হারাতে পারবে না।’

জ্যঁ-ক্লদে জাঙ্কার : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদে জাঙ্কার টুইটে লেখেন, যারা শান্তিতে প্রার্থনা করতে জড়ো হয়ে এবং সুন্দর ওই দেশ ভ্রমণ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার অন্তর থেকে সমবেদনা।

রেয়্যুভেন লিভলিন :ইসরাইলের প্রেসিডেন্ট রেয়্যুভেন লিভলিন বলেন, ‘শ্রীলঙ্কায় হামলা, বিশেষ করে ইস্টার সানডের উদযাপনে প্রার্থনারত মানুষের উপর হামলার ঘটনা খুবই ঘৃণ্য অপরাধ।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এটা পুরো মানবজাতির উপর হামলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও শ্রীলঙ্কায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।