খাগড়াছড়ির রামগড়ে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনছুরুল আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে দক্ষিণ গর্জনতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনছুর একই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্কুলছাত্রীর পরিবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে মায়ের সাথে দক্ষিণ গর্জনতলীতে তার নানার বাড়িতে বেড়াতে যায় শিশুটি। ওই দিন বিকালে রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকায় খেলাধুলা করা সময় মনছুরুল আলম ওই শিশুকে পেয়ারা দেয়ার কথা বলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পুলিশের কাছে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে শিশুটি জানায়, মনছুর তার মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে চিৎকার করতে বারণ করে। এ সময় ওই যুবক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
এদিকে ঘটনাটি জানাজানি হলে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মনছুরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘মনছুরুল আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে (১০ ধারায়) একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।’
ইত্তেফাক/বিএএফ
