‘শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে’

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৮:০৮
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।
 
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৪ দলের শ্রদ্ধা নিবেদনে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে অংশ নিয়ে পুষ্পস্তবক ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
 
ইনু বলেন, ২০১৮ সালের নির্বাচনটি এ কারণেই গুরুত্বপূর্ণ যে, এ নির্বাচনের মাধ্যমেই রাজাকার ও রাজাকারদের মাতাস্বরূপ বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবে। তবেই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আর বিপদে পড়বে না। জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।
 
ইতিহাসের দিকে দৃষ্টিপাত করে মন্ত্রী বলেন, একাত্তরে যে রাজাকার-সাম্প্রদায়িক অপশক্তিকে ‘মাইনাস’ বা বিয়োগ করা হয়েছিল, পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারীরা সেই অপশক্তিকে রাজনীতিতে ‘প্লাস’ বা যোগ করে। এটি একটি জাতীয় দুর্ঘটনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার এদেরকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার সংগ্রাম করছি।
 
‘সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ও বিএনপি রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, তারা এদেরকে রক্ষা করার সবরকম অপচেষ্টায় লিপ্ত। সে কারণে বাংলাদেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে হলে এই অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষক উভয়কেই ‘মাইনাস’ করতে হবে।
 
ইত্তেফাক/কেকে