শেখ সেলিমের নাতি নিহত, জামাতা আহত

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:৩১

শ্রীলঙ্কায় স্মরণকালের ভয়াবহ সিরিজ বোমা হামলা কেড়ে নিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি ছোট্ট নিষ্পাপ জায়ান চৌধুরীর প্রাণও। আগামীকাল বুধবার তার লাশ দেশে আসছে। এদিন বাদ আছর জায়ানের নামাজে জানাজা শেষে তার মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন         জায়ানের পিতা মশিউল হক চৌধুরী প্রিন্স। তবে তার দুইটি পা নিথর হয়ে গেছে। ভবিষ্যতে পা দুইটি আবার স্বাভাবিক হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তিনি শ্রীলঙ্কার একটি হাসপাতালে চিকিত্সাধীন। অন্তত পনের দিনের আগে তাকে হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। জায়ানের মৃত্যুতে গোপালগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী সন্তানের জন্য দিশেহারা হয়ে পড়েছেন জায়ানের মা সোনিয়া। শ্রীলঙ্কায় এমন ঘটনায় শোকে পাথর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গোটা দেশের মানুষ।

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা, বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা  ঘটে।

জানা গেছে, সমপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের একমাত্র মেয়ে শেখ আমেনা সুলতানা (শেখ সোনিয়া) ও তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স তাদের দুই ছেলে জায়ান চৌধুরী ও জোহান চৌধুরীকে নিয়ে ছুটি কাটাতে শ্রীলঙ্কায় বেড়াতে যান। দেশটির রাজধানী কলোম্বোর একটি হোটেলে ওঠেন। রবিবার জায়ানকে নিয়ে তার পিতা প্রিন্স নাস্তা করতে হোটেলের নিচে নামেন। ওই সময়ই হামলার ঘটনাটি ঘটে।

শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ব্রুনাই গিয়েছিলেন। তিনি সেখান থেকে শ্রীলঙ্কা গেছেন। ঢাকা থেকে অপর ছেলে শেখ নাইম তার মাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা গেছেন। নিহত জায়ানের দাদার বাড়ি সিলেটের সুনামগঞ্জের ভাটিপাড়ায়। জায়ানের দাদা সুনামগঞ্জের খ্যাতিমান ব্যক্তি এম এইচ চৌধুরী। জায়ান ছিল সোনিয়ার বড় ছেলে। জায়ান খুব ক্রিকেট খেলতে ভালবাসত। প্রতিদিন বিকাল হলেই ব্যাট-বল হাতে বনানীতে শেখ সেলিমের বাসার নিচে ক্রিকেট খেলতে চলে যেতো। উত্তরা সান-বীম  দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল জায়ান। তার মৃত্যুতে শেখ সেলিমের বনানীর প্রতিবেশীদের মধ্যেও শোকেয় ছায়া নেমে আসে। সুন্দর পরিপাটি কথাবার্তায় জায়ান প্রতিবেশীদেরও মন কেড়ে নিয়েছিল। তাকে সবাই খুবই আদর করতো। এদিকে স্বজন হারানোর খবর জানিয়ে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ওই টুইটার পোস্টে স্বজন হারানোর কথা জানিয়ে শোক প্রকাশ করেন তিনি। পাশাপাশি শ্রীলঙ্কার জনগণের প্রতিও সমবেদনা ও একাত্মতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিক।

এদিকে জায়ানের মৃত্যুতে গোপালগঞ্জ, ঢাকার বনানীর শেখ সেলিমের বাড়ি ও সুনামগঞ্জে জায়ানদের বাড়িতে চলছে পবিত্র কুরআন খতমসহ অন্যান্য ইসলামী ধর্মীয় আচার অনুষ্ঠান। এদিকে আদরের নাতির মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন শেখ সেলিমসহ গোটা পরিবার। গত দুই দিন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা শেখ সেলিমকে সান্ত্বনা দিতে তার বাসায় ভিড় জমান। শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দিতে তার বনানীর বাসায় যান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি,  জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, শেখ সেলিমের ভাই শেখ মারুফ প্রমুখ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জায়ানের মৃত্যুতে শেখ সেলিমকে সান্ত্বনা দিতে তার বাসায় গিয়েছিলেন। বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় ঘটনার পর বাংলাদেশ সতর্ক আছে। তবে দেশে হামলার কোনো হুমকি নেই। বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।