স্বামী-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে লাশ নিয়ে সড়ক অবরোধ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:৩২

ঝিনাইদহে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ ও থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে নিহতের স্বজনরা। গতকাল সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজারে মহাসড়কে লাশ রেখে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

গৃহবধূর স্বজনদের অভিযোগ, বছরখানেক আগে উপজেলার গোয়ালখালি গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সোনিয়ার বিয়ে হয় একই গ্রামের বাদশা হোসেনের ছেলে সজিবের সাথে। বিয়ের পর থেকে সোনিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে রবিবার সকালে সোনিয়াকে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরে ঝুলিয়ে রেখে ঘরটি তালাবদ্ধ করে সবাই পলিয়ে যায়। গৃহবধূর বাবা-মা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় পরিবারের লোকজন থানায় হত্যা মামলা দিতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে অপমৃত্যু মামলা রেকর্ড করে। একই সাথে আটক হওয়া শাশুড়িকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে গতকাল সকালে মহাসড়কে লাশ রেখে প্রতিবাদ শুরু হলে মামলা ও দোষীদের গ্রেফতারে পুলিশের আশ্বাসের প্রায় দেড়ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপ সার্কেল) তারেক আল মেহেদি বলেন, রবিবার সোনিয়া আত্মহত্যা করেছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়। লাশের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, সোনিয়ার একটি ডায়রি পাওয়া গেছে। সেখানে তার মৃত্যুর জন্য কে কে দায়ী তা উল্লেখ আছে। রিপোর্টে হত্যার বিষয় এলে হত্যা মামলা আর আত্মহত্যার রিপোর্ট এলে আত্মহত্যার প্ররোচনার মামলা নেওয়া হবে।