প্রতিপক্ষের বোলারদের কাছে তিনি ছিলেন ত্রাস। তাই শহীদ আফ্রিদির মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে মিলিয়ে তাঁকে ডাকা হয় 'বুম বুম' আফ্রিদি নামে। কিন্তু শহীদ আফ্রিদির নাম 'বুম-বুম' আফ্রিদি হল কীভাবে? এবার সেটাই ফাঁস করলেন তিনি নিজেই।
সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে আফ্রিদি জানান, বর্তমানে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তাঁর নাম রাখেন 'বুম বুম'। ওয়ানডে-তে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়ার পরই আফ্রিদিকে এই উপাধি দেন শাস্ত্রী।
পরিসংখ্যান অনুযায়ী ৩৯৮টি একদিনের ম্যাচ খেলে আফ্রিদি ৩৫১টি ছক্কা মারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও আফ্রিদি ৯৯টি ম্যাচ খেলে মেরেছেন ৭৩টি ছক্কা। ৩৮ বছর বয়সী আফ্রিদি ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছেন।
কমেন্ট্রি বক্সেও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বেশ কয়েকবার আফ্রিদিকে 'বুম বুম' বলতে শোনা গিয়েছে। কমেন্ট্রি বক্স থেকেই অনেক ক্রিকেটারের ডাক নাম তৈরি হয়েছে। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে 'হলিউড' নামে ডাকা হত। ধোনিকে 'ক্যাপ্টেন কুল' নামে ডাকার পিছনে এই কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকারদের একটা বড় অবদান আছে।
ইত্তেফাক/কেআই
