কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচন করবেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। রবিবার কালিহাতীর নিজস্ব বাসায় কর্মী-সমর্থক ও সাংবাদিকদের মাঝে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী কালিহাতী আসন থেকে সর্বপ্রথম ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের নির্বাচনে একই আসন থেকে তার স্ত্রী বেগম লায়লা সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী এবং দলের প্রেসিডিয়াম সদস্যও ছিলেন। ২০১৪ সালে নিউনিয়র্কে একটি অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রিত্ব ও দলের সাধারণ সদস্য পদ হারিয়ে কারা ভোগ করেন তিনি।
