সমতায় ফিরতে চায় ভারত

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১০:০৪
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সিরিজ জয়ের নজির দুনিয়াতে একটিই আছে। ১৯৩৬-৩৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষেই সেই সিরিজটি জিতেছিল স্যার ডন ব্র্যাডম্যানের ‘অপরাজেয় অস্ট্রেলিয়া’। ভারতকে সিরিজ জিততে গেলে সেই অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করতে হবে।
 
আর এই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আজ থেকে শুরু হতে যাওয়া সাউদাম্পটন টেস্ট শুরু করবে ভারত। বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। অন্য দিকে ইংল্যান্ড চাইবে এই টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলতে। আর এই দুই দলের দুই রকম চাওয়া নিয়ে আজ থেকে সাউদাম্পটনে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে শুরু হবে প্রতিদিনের খেলা।
 
বিরাট কোহলির ভারত ইতোমধ্যে মানসিকভাবে খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। প্রথম দুই টেস্ট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত ২০৩ রানে জিতেছে ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট। এখন এই টেস্টে তারা সমতা ফেরানোর চেষ্টা করবে।
 
প্রথম টেস্টে ৩১ রানের সামান্য ব্যবধানে হেরেছিল ভারত। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একদম গুঁড়িয়ে যায় সফরকারীরা। সেই টেস্টে হেরেছিল তারা ইনিংস ও ১৫৯ রানে। এই সাউদাম্পটনে দুই দলের সর্বশেষ লড়াইয়ে বড় ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচ জিতে নিয়েছিল তারা ২৬৬ রানে।
 
দুই দলেই আছে একটু ইনজুরি নিয়ে দুশ্চিন্তা। ভারতের রবিচন্দ্রন অশ্বিনের ইনজুরি শঙ্কা অনেকটাই কেটে গেছে। তিনি ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। অশ্বিন তৃতীয় টেস্ট নিতম্বের ইনজুরি নিয়েই খেলেছেন। যদি কোনো কারণে তিনি এই টেস্টে খেলতে না পারেন, তাহলে রবীন্দ্র জাদেজা প্রথমবারের মতো এই সিরিজে ডাক পেতে পারেন। অবশ্য কন্ডিশন মাথায় রেখে অশ্বিন না খেললে তার বদলে বাড়তি একজন ব্যাটসম্যানও খেলাতে পারে ভারত।
 
অন্য দিকে ইংল্যান্ডের দুশ্চিন্তা জনি বেয়ারস্টোকে নিয়ে। তৃতীয় টেস্টের সময় ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আঙুল ভেঙে ফেলেছিলেন। তিনি সামান্য কিছু অনুশীলন করলেও এখনও তার খেলাটা নিশ্চিত নয়। বেয়ারস্টো খেলতে না পারলে তার বদলে দলে ঢোকা অনেকটাই নিশ্চিত আবার স্কোয়াডে ডাক পাওয়া জেমস ভিন্সের। সে ক্ষেত্রে উইকেটের পেছনে দেখা যাবে ইংল্যান্ডের ওয়ানডে উইকেটরক্ষক জস বাটলারকে। তৃতীয় টেস্টেও খানিকটা সময় বাটলারকে উইকেটরক্ষণ করতে হয়েছে।
 
সাউদাম্পটনে আরও একটা সবুজ উইকেটে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা পরীক্ষা নেবেন ভারতীয় ব্যাটিং লাইনআপের। এখন পর্যন্ত ইংলিশ স্পিন সামলে আজিঙ্কা রাহানেরা টুকটাক রান পেলেও ভারতকে মূলত ভরসা করতে হচ্ছে বিরাট কোহলির ওপর। এখন পর্যন্ত ৬ ইনিংসের মধ্যে ৪টি ইনিংসে কোহলি বড় রান পেয়েছেন। যে দুই ইনিংসে তিনি রান পাননি, সেখানেই ধসে পড়েছে ভারতীয় ব্যাটিং।
 
ভারতের পেস বোলাররা অবশ্য পেস সহায়ক এই কন্ডিশনকে ভালোই কাজে লাগাচ্ছেন। এখন পর্যন্ত ইংল্যান্ডের যে ৪৬টি উইকেট তারা নিতে পেরেছেন, তার ৩৮টিই পেয়েছেন ফাস্ট বোলাররা। ফলে একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা এই ম্যাচে ভারতের পক্ষ থেকে নেই। পৃথ্বিশ ও হানুমা বিহারিকে এই ম্যাচে যে বাইরে থেকে খেলা দেখতে হচ্ছে, সেটা একরকম নিশ্চিত বলা যায়।
 
ইত্তেফাক/কেআই