কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের হোয়াইক্যং ও মেরিন ড্রাইভ এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গাসহ তিন মাদক কারবারী নিহত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধে তারা নিহত হয় বলে স্ব স্ব বাহিনী থেকে জানানো হয়েছে। সোমবার সকাল ৬টা ও রবিবার ভোর ৫টার দিকে পৃথক এ বন্দুকযুদ্ধ ঘটে। এসময় ৩০ হাজার ইয়াবাসহ বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার হয়। সোমবার সকালে নিহতরা হচ্ছে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২১) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫)। তারা মিয়ানমারে সৃষ্ট সহিংসতার পরে এদেশে পালিয়ে এসেছিল। আর রবিবার নিহত মহি উদ্দিন (২৬) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
