সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:৫০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিলো প্রায় ৮২ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা রেখে যান।

ব্যারিস্টার আমিনুল হকের চাচাতো ভাই মোহ আতাউর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি একাধিকবার অসুস্থ হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন, সর্বশেষ গত ১১ মার্চ ওই হাসাপাতাল হতে তাকে ফেরত দেয়। তখন থেকেই তিনি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। সর্বশেষ বিএনপি সরকারের সংস্থাপন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর  কাছে পরাজিত হন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।