মান্দায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক, প্রেমিক পলাতক

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:৫৫
নওগাঁর মান্দায় জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী কাওসার আলীকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চককেশব গ্রামে খুনের এ ঘটনা ঘটে। পরকীয়ার জের ধরে জরিনা বেগম খুন হয়েছেন বলে স্থানীয়রা জানান।
 
নিহত জরিনার মা নুরুননাহার বাদী হয়ে এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নিহত জরিনার স্বামী কাওসার আলী ও প্রতিবেশী মাসুদ নামে এক যুবককে আসামি করা হয়েছে।ঘটনায় স্বামী কাওসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জরিনার সঙ্গে একই গ্রামের যুবক মাসুদের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুধবার রাতে এ নিয়ে ঝগড়া চরম অবস্থায় গেলে জরিনাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী কাওসার আলী। ঘটনাটি ধামাচাপা দিতে জরিনার লাশ বাড়ির পাশে একটি নিমগাছে ঝুলিয়ে রাখে। বৃহস্পতিবার সকালে অন্যরা জানাজানি হবার আগেই জরিনার লাশ এনে আবার ঘরে শয়ান রাখেন স্বামী কাউসার। পরে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্বামী কাউসার আলীকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে পরকীয়া প্রেমিক মাসুদ।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ‘ঘটনাটি পরকীয়ার জের ধরে ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। নিহতের মা নুরুননাহার এ ঘটনাকে হত্যা দাবী করে মামলা দায়ের করেছেন। স্বামী কাওসারকে আটক করা হয়েছে, অপর আসামি মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/বিএএফ