বিরামপুরে ট্রেন থেকে পড়ে নিহত ১

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১২:৩২
দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে বিরামপুরের পলাশবাড়ি রেল ক্রসিংয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।
 
জানা গেছে, বিরামপুরের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া মালিপাড়া গ্রামের ওমর আলীর ছেলে এমদাদ হোসেন (৫৫) কাজের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে বিরামপুরের পলাশবাড়ি রেল ক্রসিংয়ে রেল লাইনের পাশে পথচারীরা তার লাশ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে যান।
 
নিহতের স্ত্রী হাছেনা বেগম জানান, কাজের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে রাতে এ ঘটনা ঘটে। পরিবারের ধারণা ট্রেনে ভিড়ের চাপে সম্ভবত এমদাদ ট্রেন থেকে পড়ে নিহত হয়েছেন। নিহতের পকেটে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ১টি টিকেট পাওয়া যায়।
 
হিলি জিআরপি পুলিশের উপ-পরিদর্শক শাহ্ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ব্যক্তির পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গেছে।
 
ইত্তেফাক/আরকেজি