রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৪৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ইস্টার সানডে পালনকালে একাধিক বিস্ফোরণে বহু হতাহতের ঘটনার তীব্র নিন্দা এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি রবিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বোমা হামলায় বহু লোকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি বোমা হামলায় বিপুল হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শেখ হাসিনা শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

এদিকে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, শ্রীলঙ্কার কয়েকটি গির্জা, হোটেল ও অন্যত্র সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।