যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের আইনপ্রণেতা এবং যুদ্ধ ফেরত নায়ক প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে ভাব গম্ভীর পরিবেশে ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্যাপিটাল হিলের রোটানডায় কাঠের তৈরি ছোট এক মঞ্চের উপরে ম্যাককেইনের কফিনটি রাখা হয়। ১৮৬৫ সালে ঐ একই মঞ্চে রাখা হয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট লিংকনের কফিন। বৃহস্পতিবার বিমান যোগে দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য এরিজোনা থেকে ওয়াশিংটনে তার মরদেহ নিয়ে আসা হয়।
শতশত কংগ্রেস সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাপিটাল ভবনের রোটান্ডায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। তবে ম্যাককেইনের ইচ্ছা অনুসারে সেখানে ছিলেন না ট্রাম্প। মৃত্যুর আগে বিভিন্ন ইস্যুতে চরম মতবিরোধ ছিল ট্রাম্প-ম্যাককেইনের মধ্যে।
গতকালের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্লিনটন দম্পতিও। বারাক ওবামার প্রেরিত একটি চিঠি সেখানে পড়ে শোনানো হয়। এর আগে ম্যাককেইনের নিজ রাজ্য এরিজোনার ফিনিক্সে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শ্রদ্ধা জানানো হয়।
ইত্তেফাক/ জেআর
