ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হীরাডাঙ্গা গ্রামের ইজাল হোসেন (২৫), বকুল হোসেন (৩০), হাসান আলী (২৫), রাশেদ আলী (৩৫), আব্দুল মালেখ (৪৫), তৈয়ব আলী (৩০), আব্দুর রাজ্জাক (২৫), রিয়াজ হোসেন (১৫), টিপু মণ্ডল (৪০), আলমগীর হোসেন (৩০), মাহ্ফুজুর রহমানসহ ২০ জন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন ও থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/ইউবি
