খুলনায় দুই দিন ধরে জাতীয় পত্রিকা বিলি বন্ধ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:৫৮

স্টল এবং এজেন্সিতে পত্রিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পাঠকরা

খুলনা অফিস

খুলনায় গত দু’দিন ধরে জাতীয় পত্রিকা বিলি বন্ধ রেখেছেন হকাররা। একটি জাতীয় পত্রিকার কমিশন বৃদ্ধি করার দাবিতে গত শনিবার ও রবিবার হকাররা পত্রিকা নিচ্ছেন না ।

এতে পাঠকরা পত্রিকা পড়া থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে  বাসায় পত্রিকা না পেয়ে স্টল এবং এজেন্সিতে এসে পত্রিকা খুঁজছেন। তারা পত্রিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পত্রিকা পড়তে না পেরে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রয়া ব্যক্ত করছেন।

এ ব্যাপারে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতা হুমায়ুন কবির জানান, আমরা একটি জাতীয় পত্রিকার কমিশন ৩০ থেকে ৩৫ শতাংশ করার দাবি করেছি। উক্ত পত্রিকার কর্তৃপক্ষ আমাদের দাবি না মানায় আমরা গত শনিবার থেকে সকল জাতীয় পত্রিকা বিলি বন্ধ রেখেছি।

হকার্স ইউনিয়নের অন্য এক নেতা বলেন, জাতীয় পত্রিকাগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পর এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু সাধারণ সদস্যদের সে আশ্বাসের একটি লিখিত কপি না দেখাতে পারলে তারা আবার পত্রিকা বিলি করতে রাজি হচ্ছে না।