চারজন আহত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাংটিয়া গ্রামে গতকাল রবিবার একটি পরিবারে হামলা চালালে আশুতোষ সরকার (৪২) নামের এক ব্যক্তি নিহত এবং অপর আরো কয়েকজন আহত হন। আশুতোষ গ্রামের লংকেশ্বর সরকারের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ ও দুর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফছার আলী জানান, জমিজমা নিয়ে গ্রামের কালু মণ্ডলের পরিবারের সঙ্গে বেশ কয়েক বছর ধরে লংকেশ্বর সরকারের গোলযোগ চলে আসছিল। এই গোলযোগের জের ধরে ঘটনার সময় কালু মণ্ডলের লোকজন লাঠিসোঁটা নিয়ে আশুতোষ সরকারের বাড়িতে হামলা চালায়। গুরুতর অবস্থায় আশুতোষকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক ফিরোজ উদ্দিন তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
