মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৪
ঝিনাইদহের মহেশপুরে মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় এক পিতা জামির হোসেন (৫৫)।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীরবেড় গ্রামের জামির হোসেন মহেশপুর প্রেসক্লাবে এসে তার মেয়ের ঝুলন্ত লাশের ছবি নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মেয়ে হত্যার বিচার দাবি করেন। 
 
উল্লেখ্য, বছর দেড়েক আগে তার মেয়ে মিনুর (২৬) সঙ্গে একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মিনুকে প্রায়ই নির্যাতন করত তার স্বামী। গত ২২ জুলাই নির্যাতনের এক পর্যায়ে সে মারা গেলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও এখন পর্যন্ত সুরতহাল রিপোর্ট না আসায় জামির হোসেন তার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার নিয়ে আশঙ্কা করছেন।
 
এ ব্যাপারে ভৈরবা ফাঁড়ির ইনচার্জ আকবার আলী জানান, এখন পর্যন্ত সুরতহাল রিপোর্ট আসেনি। এদিকে আসামি সিরাজুল তার শ্বশুর জামির হোসেনকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/নূহু