ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামের ছাগল ব্যবসায়ী অসিত চন্দ্র(৫০)।ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন গতকাল। ছিনতাইকারীদের সঙ্গে যুঝে নিজের টাকা রক্ষা করতে পারলেও চোখে আঘাত পান তিনি। ছিনতাইকারীদের হাতে থাকা হাতুড়ির আঘাত লাগে তার বাম চোখে। চোখটি এখন নষ্ট হওয়ার পথে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, ২৪ আগস্ট অসিত চন্দ্র বাড়ি থেকে খালিশপুর পশু হাটে ছাগল কিনতে আসেন। পথে গবিন্দপুর নামক স্থানে পৌঁছুলে ওৎ পেতে থাকা গবিন্দপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র বিপুলসহ(২৬) অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা অসিত চন্দ্রকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে একটি হাতুড়ির আঘাতা তার বাম চোখে লাগে। চোখের পাশের হাড় ভেঙ্গে যায়।
তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোটচাঁদপুর থানায় আজ এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় কর্তব্যরত এস.আই জহির উদ্দিন জানায়, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/নূহু
