সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশির লাশ দেশে আসছে বুধবার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০
সৌদি আবরে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির লাশ দেশে আসছে আগামীকাল বুধবার। সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছবে বলে জানা গেছে। 
 
নিহত চারজনের মধ্যে শাহআলমের বাড়ি মাগুরা, মনির হোসেনের বাড়ি ঢাকা, সৈয়দ হোসেন আলীর বাড়ি নড়াইল এবং সাইফুল ইসলাম রুবেলের বাড়ি যশোর বলে জানা যায়।
 
গত ৪ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন এই চার বাংলাদেশি। নিহতদের মধ্যে দুইজনের তাৎক্ষণিক সনাক্ত করা গেলেও বাকি দুইজনকে সনাক্ত করতে সময় লেগে যায় ১৫ দিনের মতো। আইনি জটিলতার কারণে লাশগুলো দেশে ফেরত আনতে কিছুটা সময় লাগছে বলে জানা যায়। অতিদ্রুত লাশগুলো ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রীর পি.এস হুমায়ূন কবির। ওই লাশ ৪টি অতিদ্রুত সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে বলে জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী। এর প্রেক্ষিতে আগামীকাল লাশগুলো দেশে আনা হচ্ছে।
 
স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান জানান, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি সংগঠন। প্রবাসে ছাত্রলীগের কাজ বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধু দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তার যৌবন কারাগারে কাটিয়েছেন।বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া আমার নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। তাই সৌদি আবরে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিএমইটির মহাপরিচালক সেলিম রেজার সঙ্গে কথা বলি। কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের জন্য অনুরোধ করি। অনুরোধে সাড়া দিয়ে অতিদ্রুত লাশগুলো বাংলাদেশে পৌঁছানোর আশ্বাস প্রদান করেন।
 
ইত্তেফাক/কেকে