নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১১
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার (৫ সেপ্টেম্বর)  থেকে নড়াইলে শুরু হচ্ছে চার দিনব্যাপী সুলতান উৎসব। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে চার দিনব্যাপী সুলতান উৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আর্ট ক্যাম্প, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনী। 
 
বুধবার বিকেল ৫টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ উৎসবের উদ্বোধন করবেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভপতি ও নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।
 
এছাড়া এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে প্রান আরএফএল-এর সহযোগিতায় আগামী ৮ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা। দুপুর ২টায় নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
 
ইত্তেফাক/নূহু