ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী সপ্তাহে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া সফরে যাবেন। তিনি ১০০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারতের কোনো শীর্ষ কর্মকর্তা দামেস্ক সফরে যাচ্ছেন।
ভারত আইএস-বিরোধী যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করে। ভারত বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প হাতে নিতে চায়। সুষমা স্বরাজের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ব্যবসায়ীরা যাবেন। তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
সিরিয়ার সার্বভৌমত্ব ও স্থানিক অখণ্ডতার প্রতি ভারত তাদের সমর্থন বৃদ্ধি করেছে। অন্যদিকে সিরিয়াও কাশ্মীর ইস্যুতে ভারতকে সকল আন্তর্জাতিক সম্মেলন ও সংগঠনে সমর্থন দিয়ে আসছে।
ভারত বর্তমানে পশ্চিম এশীয় যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে অর্থনৈতিক প্রকল্প পুনর্জীবিত করে তোলার পরিকল্পনা করছে। আগামী সপ্তাহে দামেস্কে অনুষ্ঠিত একটি শিল্প মেলায় ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে নিমন্ত্রণ জানানো হয়েছে। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্য নিয়েই মূলত এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইত্তেফাক/ জেআর
