নিকলীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে মহিউদ্দিন নামে এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নিকলী উপজেলা মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত মহিউদ্দিন উপজেলার মির্জাপুর গ্রামের প্রভাবশালী পরিবারের মিয়া হোসেনের ছেলে।
 
স্কুলছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিকলী উপজেলার দামপাড়া কেএইউ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় ওই ছাত্রীর বাবা ভোট দিতে বিদ্যালয়ে যান। তার মা ওই সময় কিশোরগঞ্জ সদরে অবস্থান করছিলেন। এ সুযোগে বাবার কথিত বন্ধু একই গ্রামের প্রভাবশালী মহিউদ্দিন ওই ছাত্রীকে বসতবাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মহিউদ্দিন পালিয়ে যায়। এলাকাবাসী ছাত্রীকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 
নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী জানান, মহিউদ্দিন ও তার ভাইয়েরা এমন একাধিক ঘটনা ঘটিয়েছে। প্রভাবশালী পরিবার হওয়ায় বরাবরই তারা ঘটনা ধামাচাপা দিয়ে আসছে। আমাদের মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে মহিউদ্দিন। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
 
মামলা কেন করা হয়নি জানতে চাইলে ওই ছাত্রী পরিবারের সদস্যরা জানান, একটি মহল বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ৩টি ইউনিয়নের লোক শালিসে বসার কথা। তাদের প্রতি বিশ্বাস রেখে অপেক্ষা করছি।
 
নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ তুলিপ বলেন, আমার কাছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসেছে বৃহস্পতিবার দুপুরে সালিশে যাওয়ার জন্য। কিন্ত এটি আইনি বিষয় এখানে সালিশ করে এর দায়ভার কে নেবে?
 
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, এই ধরণের কোন সংবাদ বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ