গফরগাঁওয়ে মিষ্টির ছড়াছড়ি, রং খেলা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:৫৯

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনে বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেলকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় উপজেলার সর্বত্রই মিষ্টির উত্সব, রং খেলা শুরু হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের প্রার্থী হিসেবে ফাহমী গোলন্দাজ বাবেলকে হস্তান্তর করা হয়। খবরটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় উত্সব শুরু করে দলের তৃণমূলের নেতা-কর্মীরা। নসিমন, করিমন, অটোবাইক, সিএনজিসহ বিভিন্ন পরিবহনের যাত্রী, পথচারী, ছোট-বড় ব্যবসায়ী, ক্ষেত-খামারের শ্রমিক-কৃষকসহ নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করায়। বাবেল গোলন্দাজ ভক্ত একদল নেতা-কর্মী রং খেলায় মেতে উঠে।

পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, মনোনয়ন ঘোষণার পর এই আসনের জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত যে সাড়া পাওয়া গেছে তাতে নিশ্চিত করে বলা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফাহমী গোলন্দাজ বাবেল বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশা আল্লাহ।