একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন হাসিনা আক্তার পপি (২৮) নামে এক গৃহবধূ। শুক্রবার দুপুরে রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
 
হাসিনা আক্তার পপি গাইবান্ধা সদর উপজেলার সিংহপুর গ্রামের মহসীন আলীর স্ত্রী।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রসব বেদনা উঠলে পপিকে তাৎক্ষণিক রংপুরস্থ প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনী চিকিৎসক লায়লা হাসনা বানু দুপুর আড়াইটার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করলে পরপর চার সন্তানের জন্ম হয়।
 
পপির বড় ভাই মোস্তাকিন রহমান শিশির জানান, ৮ বছর আগে তার বোনের সঙ্গে মহসীনের বিয়ে হয়। মহসীন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের পর এই প্রথম তাদের এক সঙ্গে ৪টি সন্তানের জন্ম হয়। এতে পরিবারের সবাই অনেক খুশি।
 
হাসপাতালের গাইনী চিকিৎসক লায়লা হাসনা বানু জানান, বর্তমানে ৪ সন্তান ও প্রসূতি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
 
ইত্তেফাক/বিএএফ