চিতলমারীতে দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়া একটি ব্রিজ পুনঃনির্মাণ না করায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প পথ না থাকায় ভাঙা ব্রিজের ওপর বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে প্রতিদিন চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় মাস চারেক আগে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের দীর্ঘদিনের পুরানো একটি ব্রিজ ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হলেও ব্রিজ মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ না করায় বাধ্য হয়েই এলাকাবাসী এ ব্রিজের উপর একটি বাঁশের সাঁকো দিয়ে কোনোমতে পারাপার হচ্ছেন। চরবানিয়ারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌরাঙ্গ বালা জানান, ব্রিজটি মেরামত না হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন ব্রিজ দিয়ে ঢালি পাড়া, বাওয়ালী পাড়া, মধ্য পাড়া, সামন্তগাতিসহ প্রায় ১০/১২ গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাওয়া-আসা করতে হয়। ব্রিজটি দ্রুত মেরামত করা এখন এলাকাবাসীর প্রাণে দাবি হিসেবে দেখা দিয়েছে। চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, চরবানিয়ারী উত্তর পাড়ার ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেন বলেন, চরবানিয়ারী উত্তর পাড়ার ব্রিজটি পুনঃনির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি নির্মিত হবে।
ইত্তফাক/নূহু
