কুমিল্লার হোমনায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চার বিএনপি নেতাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি মো. শাহআলম, পৌর বিএনপির বর্তমান কোষাধ্যক্ষ আবদুর রহিম, পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. কামরুজ্জামান ও সেক্রেটারি আবদুল মতিন। এরা সবাই পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।
হোমনা থানার ওসি (তদন্ত) নাজমুল ইসলাম জানান, শনিবার দুপুরে বিএনপি নেতা সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের বাসভবনে উপজেলায় নাশকতা করার লক্ষ্যে গোপন বৈঠক করে বিএনপির কতিপয় নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ চার জনকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ রবিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম নাশকতার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, তাদের নেতা সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা হয় শনিবার। প্রস্তুতি সভা শেষে পুলিশ হানা দিয়ে চারজনকে আটক করে।
ইত্তেফাক/মোস্তাফিজ
