ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে একুশ শতক জমির মালিকানাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আট ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর গ্রামে। আহতদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী একরামুল হক ও খালেকুজ্জামান জানান, ওই গ্রামের মৃত এনছার আলীর পৈত্রিক সূত্রে মৃত আকিমুদ্দিন গংদের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে ক্রয়সূত্রে একুশ শতক জমি ভোগ দখল করে আসছিল। পাঁচ বছর আগে আকিমুদ্দিনের মৃত্যু হলে তার সন্তানরা জমিটি দখলে নেয়। এ বিষয়ে কুড়িগ্রাম আদালতে একটি মামলাও করা হয়েছে। রবিবার সকালে ওই জমিতে আবারও নতুন করে এনছার আলীর ছেলে মাহফুজার রহমান বাদল দখলের জন্য হালচাষ শুরু করলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ফুলবাড়ী উপজেলা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ এরশাদুল হক জানান, আহতদের চিকিত্সা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই নজমুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনাটি শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
