মধুখালীতে সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১২
ফরিদপুরের মধুখালী উপজেলার রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ পথে যাতায়তকারী যাত্রী ও পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উপজেলার মধুখালী-মেগচামী-বালিয়াকন্দি সড়কের মধুখালী ১১কিলোমিটার অংশে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে। 
 
অপরদিকে মধুখালী-বেলেশ্বর-কোলারহাট সড়কের মধুখালী অংশের ৯ কিলোমিটারের বিভিন্ন স্থানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে যশোর-ঝিনাইদহ থেকে আসা মাল বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে যাতায়াত করে। 
 
ট্রাক ড্রাইভাররা জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের হাইওয়ে পুলিশের ‘চাঁদাবাজির’ কারণে পালিয়ে ভিতর দিয়ে মাঝে মধ্যে ঢাকা থেকে যশোর ও যশোর থেকে ঢাকা যাতায়াত করতে হয়। 
IMG0
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মধুখালী উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ফিডার সড়কগুলো এলজিইডি সাধারণত ১০ থেকে ১৫ টন ভারি মালবোঝাই ট্রাক বা যানবাহন চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু এ সকল রাস্তা দিয়ে মাঝে মধ্যেই ৩০ থেকে ৪০ টন মালবোঝাই আবার মাঝে মধ্যে ঈশ্বরদী থেকে সেতু নির্মাণের পাথর বোঝাই ট্রাক চলাচলে রাস্তাগুলি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়। 
 
তিনি আরো জানান, ইতিমধ্যে রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আগামীতে এ সকল রাস্তাগুলো আরও ভারী যানবাহন চলাচলে ক্ষমতা সম্পন্ন প্রাক্কলনের সুপারিশ করা হয়েছে।দু’এক বছরের মধ্যে এর কার্যক্রম পাস হতে পারে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জেডএইচ