ছাত্রীর সঙ্গে কথা বলতে না দেয়ায় শিক্ষকের উপর হামলা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯
শ্রেণি কক্ষে ঢুকে ছাত্রীর সঙ্গে কথা বলতে না দেয়ায় বখাটেদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটে বরিশালের আগৈলঝাড়ায়। 
 
আহত শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপুর ইউনিয়নের ঐচারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তমা বাড়ৈকে শনিবার সকালে ক্লাসের সময় শ্রেণি কক্ষে ঢুকে খুঁজতে থাকে বখাটেরা। এসময় শিক্ষক তাপস মাখন দেরুরী তাদের বাধা দেয়। এতে তাপস মাখন দেরুরীকে বখাটেরা হুমকি দিয়ে স্কুল ত্যাগ করে। 
 
শনিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিক্ষক তাপস মাখন দেরুরী গতিরোধ করে তার উপর হামলা চালায় জুরান বেপারীর ছেলে এলাকার বখাটে আকাশ বেপারী, সুনিল হালদারে ছেলে সৈকত হালদার, উপেন বাড়ৈর ছেলে হৃদয় বাড়ৈ, মনোরঞ্জন বিশ্বাসের ছেলে নিউটন বিশ্বাসসহ ৫-৬ জনের একটি দল। এসময় শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত শিক্ষকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 
 
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার জানান, আহত শিক্ষককে দেখতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে, তাকে সকল প্রকার আইনি সহায়তা করবেন বলেও জানান তিনি।
 
আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) নকিব আকরাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জেডএইচ