পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৭তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া ফুটবল খেলায় গুলিসাখালী জি. কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফুটবল খেলোয়াড়ের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্ব স্ব স্কুলের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে তারা।
এতে ওই ইউনিয়নের ৪টি মাধ্যমিক, ৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।
মানবন্ধনে গুলিসাখালী জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউ.পি. চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, অধ্যক্ষ আবদুর রহমান, শিক্ষক নেতা আলহাজ্ব আঃ লতিফ সিকদার, প্রধান শিক্ষক আনোয়ার মাহমুদ, সঞ্জয় কুমার হাওলাদার, মো. শাহ আলম, শিক্ষক মো. শাহ জালাল ও সমাজ সেবক স্বপন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা সদরে শহীদ মোস্তফা খেলার মাঠে ৪৭তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় গুলিসাখালী জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় একাদশ বনাম সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ অংশগ্রহণ করে। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জামাল হোসেন বহিরাগত লোকজন নিয়ে গুলিসাখালী জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় ছাত্রদের ওপর হামলা চালায়। এতে ছয় শিক্ষার্থীকে আহত হন।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে শনিবার রাতে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জামাল হোসেনকে প্রধান আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মামলায় এজাহারনামীয় ১১জন ও অজ্ঞাতনামা ১৪০ জনকে আসামি করা হয়।
ইত্তেফাক/নূহু
