১৯ বোতল কীটনাশক ও ৮৩ পিস আতশবাজিসহ ৩ চোরাকারবারী আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৯
র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১৯ বোতল ভারতীয় কীটনাশক ও ৮৩ পিস আতশবাজি হ তিন চোরাকারবারীকে আটক করেছে। সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন দোঘারা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
র‌্যাব সূত্র জানায়, আটক চোরাকারবারীরা হচ্ছেন, রাজশাহী বোয়ালিয়া উপজেলার মেহেরচন্ডি মধ্যপাড়ার জহুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩৭), দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার রোস্তম নগর মহল্লার বকুলের ছেলে নাহিদ (২০) ও নূর নগর এলাকার হাফিজার রহমানের ছেলে হোসেন আলী (২৩)।
 
র‌্যাবের জয়পুরহাট কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন দোঘারা গ্রামস্থ জনৈক মোঃ রাহাদ আলীর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ওই চোরাকারবারী তিনজনকে আটক করা হয়। তারা চোরাই পণ্যগুলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসছিল।
 
র‌্যাব জানায় আটককৃতরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ পথে ভারতীয় নানা পণ্য চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
 
ইত্তেফাক/নূহু