আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে বলে জানান আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরে সেদেশের একপক্ষ অন্যপক্ষের আমদানি পণ্য বন্দর থেকে খালাসে বাধা দেয়। ফলে প্রায় ১১টন মাছ সারাদিন বন্দরে আটকে পরে। এ নিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানিতে জটিলতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশন এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ করে দেয়। বরিবার দুপুরে ত্রিপুরার ব্যবসায়ীদের আশ্বাসে আমদানি-রফতানি শুরু করার সিদ্ধান্ত নেয়।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ বলেন, রবিবার দুপুরে ত্রিপুরার ব্যবসায়ীদের একটি দল সীমান্ত শূন্য রেখায় এসে আমাদেরকে আশ্বস্ত করেছে সেদেশের ব্যবসায়ীদের দ্বন্দ্ব মিটে গেছে। এখন থেকে আমদানি-রফতানিতে আর কোন সমস্যা হবে না। ইতিপূর্বে পাঠানো নষ্ট হওয়া মাছের ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছেন তারা। এজন্য বন্দরের ব্যবসায়ীরা সোমবার থেকে আমদানি-রফতানি শুরু করে।
ইত্তেফাক/বিএএফ
