চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামের লোহাগাড়ামুখী যাত্রীবাহী অপর একটি লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। মুমূর্ষ অবস্থায় আরো কয়েকজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালসহ পৌরশহরের বিভিন্ন হাসপাতালে নেয়া হলে সেখানে আরও পাঁচজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহতদের মধ্যে তিনজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
 
বেলা দেড়টার দিকে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন এই দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে পুরুষ তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এখনো পর্যন্ত। বাকী তিনজন নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস দুটি মহাসড়ক থেকে ক্রেন দিয়ে সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় আধঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 
 
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/এএম