ডাকাত সন্দেহে ঈশ্বরদীতে এনজিও কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে পাবনা পুলিশের গোয়ন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশের গোয়ন্দা শাখার পরিদর্শক ইসলাম হোসেনর নেতৃত্বে গভীর রাতে পরিচালিত অভিযানের সময় আরো তিনজন দৌঁড়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলো- উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আকমল হোসেন, দিকশাইল এলাকার পাঠানি গ্রামের জুয়েল এবং শহরের আলহাজ মোড় এলাকার আজগর। জুয়েল ও আজগর রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে কর্মরত রাশিয়ানদের গাড়িচালক।
ডিবি’র পরিদর্শক ইসলাম হোসেন জানান, সোমবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদীর কালিকাপুরে পাবনা সুগার মিলের সামনের হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে চলাচলরত গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় রাস্তায় একটি মাইক্রোবাসকে থামানোর জন্য সিগন্যাল দিলে প্রথমে গাড়ির গতি শ্লথ করলেও পড়ে দ্রুতগতিতে গাড়িটি চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ তাদের গাড়ি নিয়ে ধাওয়া করে দিকশাইলের নিকট হতে ওই তিনজনকে আটক করা হয় এবং আরো তিনজন পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা ইসলাম আরো জানান, আটককৃতদের মদ্যপ অবস্থায় পাওয়া গেছে।
তিনি জানান, এই এলাকায় একাধিক ডাকাতির কারণে পুলিশের অভিযান চলছে। গাড়ি না থামানোর কারণে তাদের ডাকাত বলে সন্দেহ করা হয়। গাড়িতে অবস্থানরত ছয়জনের মধ্যে পাঁচজন রাশিয়াদের গাড়ি চালক এবং একজন নিউ এরা ফাউন্ডেশনের কর্মকর্তা বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে ওই পরিদর্শক জানিয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ডিবি পুলিশের অভিযানে তিনজনকে আটকের ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
