রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগের ম্যাচেই বদলি হিসেবে নামার সময়ে দর্শকদের দুয়ো শুনেছিলেন। তবে এরপরও ক্লাব ছাড়তে চান না এই ওয়েলশ ফরোয়ার্ড, বরং ২০২২ সালে চুক্তি শেষ হওয়া পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকতে চান তিনি। সম্প্রতি এজেন্ট জোনাথন বার্নাটের মাধ্যমে ক্লাবকে এ ইচ্ছার কথা জানিয়েছেন রিয়াল ফরোয়ার্ড। ক্লাবে আসার পর থেকে নজরকাড়া সব নৈপুণ্যের ফলে ২০১৬ সালে তার সঙ্গে চুক্তি নবায়ন করে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ীরা। তবে এরপর থেকে একের পর এক চোট বিরূপ প্রভাব ফেলে তার পারফর্মেন্সে। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে মাত্র তিন ম্যাচে শুরুর একাদশে থাকা এই ফরোয়ার্ডের দল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ জোরেশোরেই। তার মধ্যে তার এই পদক্ষেপ রিয়ালকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
