মঠবাড়িয়ায় শিক্ষার্থীকে আসামি করায় ওসির অপসারণের দাবি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৯
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগীতায় সংঘর্ষের ঘটনায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের আসামি করায় থানার ওসির অপসারণ দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহাস্রাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে জড় হয়ে প্রতিবাদ সমাবেশ করে তারা। 
 
এতে বক্তব্য রাখেন সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ হাওলাদার, জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, এন.সি তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম প্রমুখ। 
 
বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের নামে মামলা গ্রহণের নিন্দা জানিয়ে ওসির অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
 
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা সদরে শহীদ মোস্তফা খেলার মাঠে ৪৭তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন এবং ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আল আমীনসহ এজাহার নামীয় ১১জন ও অজ্ঞাতনামা ১৪০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। কয়েক শিক্ষার্থী জখমের ঘটনায় বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু