ম্যানচেস্টার ডার্বি

সিটির শেষ ‘বড়ো’ পরীক্ষা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:৫১

 স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি আজ বুধবার ম্যানচেস্টার ডার্বিতে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার মিশনের শেষ বড় চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছে। সাম্প্রতিক ফর্ম বিচারে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে থাকলেও এই ম্যাচে আশা ছাড়ছেন না দলটির কোচ ওলে গুনার সোলসার।

গেল বুধবার সিটি নিজেদের মাঠে টটেনহ্যামকে ৪-৩ গোলে হারালেও ‘অ্যাওয়ে গোলে’ পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। তাতে ‘কোয়াড্রুপল’ বা শিরোপা চতুষ্টয়ের কক্ষপথ থেকে ছিটকে পড়ে। পরে গত শনিবার সেই টটেনহ্যামকেই ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যায় সিটিজেনরা।

কোচ পেপ গার্দিওলার দল আজ প্রিমিয়ার লিগে নিজেদের ৩৫তম ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর আতিথ্য নেবে। সিটি এরপর শেষ তিন খেলায় যথাক্রমে বার্নলি, লেস্টার সিটি ও ব্রাইটনের বিপক্ষে খেলবে। প্রিমিয়ার লিগে ক্লাব তিনটির অবস্থান যথাক্রমে ১৫, ৯ ও ১৭। তাই বলা চলে ম্যানইউ’র মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শিরোপা রক্ষার মিশনে শেষ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সার্জিও আগুয়েরোরা।

ম্যান ইউ কাগজে কলমে সিটির জন্য সমীহ জাগানিয়া দল হলেও সাম্প্রতিক সময়ের ফর্ম রেড ডেভিলদের পক্ষে কথা বলছে না মোটেও। শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে কোচ সোলসারের শিষ্যরা। এর মধ্যে শেষ দুটিতে আবার সাত গোল হজম করেছে তারা।

বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায়ের পরই লিগে ফিরে  এভারটনের কাছে ৪-০ তে বিধ্বস্ত হয় তারা। অপর দিকে সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও সব প্রতিযোগিতায় শেষ দশ ম্যাচে জিতেছে নয়টিতেই। এ সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২৫ বার; এর বিপরীতে গোল হজম করেছে মাত্র আটটি।

তারপরও সিটিকে মোকাবেলার আগে আত্মবিশ্বাসী ইউনাইটেড কোচ। নরওয়েজিয়ান সোলসার বলেন, ‘আমার দল ও নিজের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত থাকব আমি। আমি জানি এটা অনেক বড় একটা পরীক্ষা আর এ কারণেই প্রথম যখন এখানে এসেছিলাম আমি, তখন বলেছিলাম, আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চাই। হেরে যাওয়া পছন্দ করি না আমি কিন্তু পূর্বতন সব কোচই এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।’

ড্রয়ের সুবাদে চারে উঠল চেলসি

এ দিকে গত সোমবার চেলসি লিগের খেলায় বার্নলের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপরও নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে টপকে শীর্ষ চারে উঠে এসেছে কোচ মাওরিজিও সারির দল। স্ট্যামফোর্ড ব্রিজে অষ্টম মিনিটে সফরকারী ফরোয়ার্ড জেফ হেন্ড্রিকের গোলে পিছিয়ে পড়া ব্লুজরা এর চার মিনিট পর এনগোলো কান্তের গোলে সমতা ফেরায়। ১৪তম মিনিটে গঞ্জালো হিগুয়েইন কোচ মাওরিজিও সারির দলকে এগিয়ে দিলেও ২৪ মিনিটে বার্নলি অ্যাশলি বার্নসের গোলে সমতা ফেরায়। তবে ইউনাইটেড আজ ম্যানচেস্টার ডার্বিতে জিতলে চেলসিকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবে।